logo
Advertisement

মমেক হাসপাতালে আগুন, আতঙ্কে রোগী-স্বজনদের হুড়োহুড়ি

মমেক হাসপাতালে আগুন, আতঙ্কে রোগী-স্বজনদের হুড়োহুড়ি
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের পর চত্বরে উৎসুক জনতা ও রোগীর স্বজনদের ভিড়। ছবি : এশিয়া পোস্ট

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুরো হাসপাতালজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নামতে গিয়ে আহত হয়েছেন বেশ কয়েকজন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন ও ধোঁয়া নিয়ন্ত্রণে আনে।

সরেজমিন দেখা গেছে, অগ্নিকাণ্ডের পর হাজারো রোগী হাসপাতাল চত্বরে অবস্থান নেন। তাদের মধ্যে অনেক গুরুতর রোগীও ছিলেন। চত্বরে কারও হাত ভাঙা, আবার কারও মাথায় ব্যান্ডেজ বাঁধা অবস্থায় দেখা যায়। আতঙ্কে অনেক রোগীকে কান্নাকাটি করতেও দেখা গেছে।

হাতে ও মাথায় ব্যান্ডেজ পরা অবস্থায় চত্বরে স্বজনদের সঙ্গে বসে ছিলেন হারেস মিয়া। তিনি বলেন, হঠাৎ দেখি চোখের সামনে প্রচুর ধোঁয়া। ধীরে ধীরে ধোঁয়ার কুণ্ডলী বাড়তে থাকে। এ সময় আমার সঙ্গে থাকা অন্য রোগী ও স্বজনরা চিৎকার শুরু করেন। সবাই হুড়োহুড়ি করে সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে অনেকে আহত হন।

মারিয়া খাতুন নামে আরেকজন রোগী ক্ষোভ প্রকাশ করে বলেন, এটি একটি স্বনামধন্য হাসপাতাল। অথচ মাঝেমধ্যেই এখানে আগুন লেগে যায়। রোগীরা এখানে সুস্থ হতে আসে, কিন্তু এখন নিজেদের অনিরাপদ মনে হচ্ছে। এর দায় সংশ্লিষ্ট কর্মকর্তাদেরই নিতে হবে।

ময়মনসিংহ সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জুলহাজ উদ্দিন বলেন, প্রথমে ভেবেছিলাম শিশু ওয়ার্ডে আগুন লেগেছে। তবে পরে নিশ্চিত হওয়া গেছে, নতুন ভবনের ৮ তলায় আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ময়মনসিংহের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী জানান, খবর পেয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ও সদর ফায়ার স্টেশন থেকে মোট ১০টি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে আগুন ও ধোঁয়া নিয়ন্ত্রণে মূল কাজ করেছে চারটি ইউনিট।

তিনি আরও বলেন, সন্ধ্যা ছয়টার দিকে নতুন ভবনের ৮ তলায় লিফট কন্ট্রোল রুম অতিরিক্ত গরম হয়ে আগুন ধরে যায়। এরপর আগুন ছড়িয়ে পড়ে এবং প্রচুর ধোঁয়ার সৃষ্টি হয়। এতে রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং হুড়োহুড়ি করে নিচে নামতে গিয়ে দুর্ঘটনা ঘটে। তবে অগ্নিকাণ্ডে সরাসরি কেউ হতাহত হয়নি বলে আমরা জেনেছি। আগুনের সঠিক কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হবে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. মো. জাকিউল ইসলাম বলেন, রোগীদের নিজ নিজ শয্যায় ফিরে যেতে বলা হয়েছে এবং তারা ইতোমধ্যে ফিরতে শুরু করেছেন। অগ্নিকাণ্ডের ঘটনায় রোগীরা প্রচণ্ড ভয় পেয়েছিলেন। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

এদিকে ঘটনার পর হাসপাতাল পরিদর্শন করেছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান।

তিনি বলেন, হাসপাতালে প্রায়ই লিফট অচল থাকে, যা রোগীদের ভোগান্তিতে ফেলে। যারা লিফট মেরামত বা দেখভালের দায়িত্বে আছেন, তারা সঠিকভাবে কাজ করছেন কি না তা নিয়ে সন্দেহ রয়েছে। এর আগেও এখানে অগ্নিকাণ্ড ঘটেছে, এবারও ঘটল। এ ঘটনায় দায়িত্বপ্রাপ্তদের অবহেলা থাকলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।