‘সব দেশে আইনের মধ্যে থেকে গণমাধ্যম স্বাধীনভাবে লিখতে পারে’

ভারতে ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের যোগ না দেওয়ায় দেশটির গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেন প্রসঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, গণমাধ্যম সব দেশে স্বাধীন। কেউ যদি কোনো দেশ, সংগঠন বা কর্মসূচি নিয়ে আইনের মধ্যে থেকে মন্তব্য করতে চায়, তাহলে অবশ্য করতে পারে।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, এটা প্রথমত পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী খুবই স্পষ্ট বক্তব্য দিয়েছেন। আমি সেই বক্তব্যের মধ্যে থাকতে চাই। কেউ যদি কোনো দেশ বা কোনো সংগঠন কিংবা কোনো কর্মসূচি সম্পর্কে মন্তব্য করতে চায়, আর সেটা যদি আইনের মধ্যে থাকে, তাহলে অবশ্যই করতে পারে।
তিনি বলেন, গণমাধ্যম সব দেশেই স্বাধীন থাকবে, এটাই আমরা আশা করি। গণতন্ত্রও সব দেশেই থাকবে। যদি তাদের দেশের আইনের মধ্যে থেকে তারা কোনো বিষয়ে লিখতে চায়, তাহলে লিখতে পারে।
সাংবাদিক কল্যাণ ট্রাস্ট নিয়ে ইয়াসের খান চৌধুরী বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ছয় কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকায় উন্নীত করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক ইউসুপ আলীর সভাপতিত্বে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় জামালপুর-৫ আসনের সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জামালপুর-৪ আসনের সংসদ সদস্য মো. ফরিদুল কবীর তালুকদার, জামালপুর-২ আসনের সংসদ সদস্য মো. সুলতান মাহমুদ বাবু এবং জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুল উপস্থিত ছিলেন।
এ ছাড়াও সভায় পুলিশ প্রশাসনের কর্মকর্তাসহ জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।


