logo

সম্পত্তি বণ্টনে দ্বন্দ্ব, মৃত্যুর ২৫ ঘণ্টা পর বাবার দাফন

সম্পত্তি বণ্টনে দ্বন্দ্ব, মৃত্যুর ২৫ ঘণ্টা পর বাবার দাফন

সম্পত্তি ভাগাভাগি নিয়ে বাবার মরদেহ দাফনে বাধা দেওয়ার ঘটনার অবসান হয়েছে। স্থানীয়দের উপস্থিতিতে সম্পত্তি সমানভাবে ভাগ ও সুষ্ঠু বণ্টনের অঙ্গীকারের পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১১টার পরে দাফন করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার ৭নং ওয়ার্ড কাছারী পায়রাডাঙ্গা বাজারের পাশের এলাকায়।

বুধবার সকাল ১১টায় মরদেহ দাফনের কথা থাকলেও রাত ১১টা পর্যন্ত স্থানীয় ব্যক্তিদের চেষ্টায় দেন দরবার করে সমস্যার সমাধান হয়।

স্থানীয়রা জানান, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে বার্ধক্যজনিত বাড়িতে মৃত্যুবরণ করেন ৯০ বছরের আজিজার রহমান। পরদিন বুধবার সকাল ১১টায় জানাজা শেষে তার দাফন হবে মর্মে মাইকিং করা হয়। সময়মতো জানাজায় লোকজন চলে আসলে দাফনে বাধা দেয় মৃতের বড় ছেলে আব্দুল হাকিম।

তিনি অভিযোগ করেন, তার বাবার প্রথম স্ত্রীর চার সন্তান তিনিসহ জোসনা, ময়না ও আজিমন বিবিকে রেখে তার মা জয়গুন মারা যান। এরপর তার বাবা আজিজার রহমান রহিমা নামে এক নারীকে দ্বিতীয় বিয়ে করেন রহিমার পক্ষের এক ছেলে রফিকুল ইসলাম ও এক মেয়ে আকলিমা রয়েছে।

জীবদ্দশায় তাদের বাবা গোপনে পরের স্ত্রীর সন্তান রফিকুল ইসলাম ও আকলিমাকে গোপনে সব সম্পত্তি লিখে দিয়েছেন। বিষয়টি জানার পর অভিযোগ করলেও তারা আমলে নেয়নি এবং সেটি নিয়ে বিরোধ চলে আসছিল। এ কারণে দাফনে বাধা দেওয়া হয়েছে।

সকাল থেকে রাত ১১ টা পর্যন্ত এলাকাবাসীরা এ নিয়ে নানাভাবে সমঝোতা করার চেষ্টা করেন। শেষে তাদের ২১ শতক বাড়িভিটা জমির মধ্যে দুই ভাই ৮ শতক করে ও অবশিষ্ট জমি বোনেরা পাবেন এবং অন্যান্য আবাদী জমি আইনগভাবে সবার মাঝে বণ্টনের সিদ্ধান্ত স্ট্যাম্পে লেখা ও স্বাক্ষর শেষে দাফন কার্য শেষ করা হয়।

স্থানীয় খয়বর আলী জানান, সাক্ষী হিসেবে অনেকে উপস্থিত ছিলেন। এটি এলাকার খারাপ হলো। সমঝোতার পর রাত ১১টার দিকে জানাজা হয়েছে। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।