ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, মৃত ভেবে সঙ্গীকে ফেলে পালাল চোর চক্র

মাগুরায় ঘনঘন লোডশেডিংয়ের সুযোগ নিয়ে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছেন মনু মিয়া (৪৫) নামে চোর চক্রের এক সদস্য। মৃত ভেবে সংঘবদ্ধ চোর চক্রের অন্য সদস্যরা তাকে ঘটনাস্থলের পাশে ফেলে পালিয়ে যায়।
শুক্রবার (২১ আগস্ট) গভীর রাতে মাগুরা সদর উপজেলার ১৮ খাদা ইউনিয়নের কালীনগর এলাকায় এ ঘটনা ঘটে। আহত মনু মিয়া লক্ষীকান্ত রজব আলীর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনু মিয়া ওপর থেকে ছিটকে নিচে পড়ে যান। তাকে মৃত ভেবে সহযোগীরা ঘটনাস্থল থেকে সরিয়ে পাশের মাঠে ফেলে রেখে পালিয়ে যায়।
রোববার সকালে স্থানীয়রা মাঠে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে কাছে গেলে তিনি নিজের পরিচয় দেন এবং জানান, তার সঙ্গে মুরাদ, ইব্রাহিম ও মফিজ নামে আরও তিনজন ছিলেন। তাদের বাড়ি মাগুরা পৌরসভার পারনান্দুয়ালী এলাকায়।

ঘটনাস্থলের পাশে একটি ব্যাগ ও ট্রান্সফরমার চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে স্থানীয়রা। পরে তারা নিশ্চিত হন যে, ট্রান্সফরমার চুরির চেষ্টা চলাকালেই দুর্ঘটনাটি ঘটেছে।
আহত মনু মিয়া জানান, ট্রান্সফরমার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান। এরপর তার সঙ্গীরা তাকে ফেলে রেখে পালিয়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, বেশ কিছুদিন ধরে মাগুরা জেলার বিভিন্ন জায়গায় ট্রান্সফরমার ও স্যালো মেশিনের বৈদ্যুতিক তার চুরির ঘটনা ঘটছে। তারা আহত ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন এশিয়া পোস্টকে বলেন, ঘটনাটি প্রাথমিকভাবে তদন্ত করা হচ্ছে। তদন্তে চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




