logo

পদ হারালেন সেই ইউএনও

পদ হারালেন সেই ইউএনও

ঝিনাইদহ সদর উপজেলা থেকে সাতক্ষীরার তালা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে বদলি করা হোসনে আরা পদ হারিয়েছেন। তাকে এবার রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে বদলি করেছে সরকার।

রোববার (৫ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. বরমান হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। 

এতে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা হোসনে আরাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা থেকে প্রত্যাহারপূর্বক সিনিয়র সহকারী কমিশনার হিসেবে পদায়নের জন্য রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হলো।

এর আগে গত শুক্রবার ঝিনাইদহের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদকে নিয়ে মন্তব্য করে আলোচনায় আসেন তিনি। তার কথোপকথনের একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

অডিওতে এক সাংবাদিকের সঙ্গে তাকে ফোনে কথা বলতে শোনা যায়। তিনি ওই সাংবাদিককে বলেন, জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাসউদ তাকে (ইউএনও) টাকাসহ বিভিন্ন অনৈতিক প্রস্তাব দেন। তাতে রাজি না হওয়ায় বিধিবহির্ভূতভাবে বদলি করিয়েছেন।

ইউএনও বলেন, একটা মানুষের যত খারাপ দোষ থাকে সবকিছুই ওনার আছে। মন্ত্রীর পা ছুঁয়ে এসে জামায়াতের গলা ধরেন। ওনার কোনো চরিত্র নাই। লাখ লাখ টাকার দুর্নীতি করেন। তা আপনারা নিউজ করেন না।

তিনি আরও বলেন, উনি খারাপ লোক। ওনার সাথে কি নাইট স্ট্রে করতে হবে। বারবার পরিষদে বিধিবহির্ভূত বরাদ্দ নিতে বলে। আমি তাতে রাজি হয়নি। আমার অসুস্থ দুইটা বাচ্চাকে নিয়ে দ্রুত এখান থেকে চলে যেতে বলেছে।

এ বিষয়ে জানতে ফোনে যোগাযোগ করা হয় হোসনে আরার সঙ্গে। তবে তিনি বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।