logo

চকরিয়ায় দেশীয় বন্দুক ও গুলিসহ আটক ৩

চকরিয়ায় দেশীয় বন্দুক ও গুলিসহ আটক ৩
আটক মোহাম্মদ তানভীর, মো. রুকমদ্দিন ও আকতার আহমেদ। ছবি: কোস্টগার্ড সূত্রে পাওয়া

কক্সবাজারের চকরিয়ায় দেশীয় তৈরি পাঁচটি বন্দুক ও ১৭ টি গুলিসহ তিন জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার (৬ অক্টোর) দুপুরে কোস্টগার্ডের কক্সবাজার বেইস স্টেশনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন।

আটকরা হলেন—মোহাম্মদ তানভীর (২১), মো. রুকমদ্দিন (৪২) ও আকতার আহমেদ (৭৮)। তারা চকরিয়ার বিভিন্ন এলাকার বাসিন্দা।

লে. কমান্ডার আরাফাত হোসেন বলেন, সোমবার মধ্যরাতে চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের বদর আউলিয়া ঘাটসংলগ্ন এলাকায় কতিপয় দুর্বৃত্ত সাগরে অবস্থানকারী বাণিজ্যিক জাহাজ ও মাছ ধরার ট্রলারে ডাকাতির উদ্দেশ্যে অবস্থানের খবর পায় কোস্টগার্ড। পরে কোস্টগার্ডের একটি দল সেখানে পৌঁছালে উপস্থিতি টের পেয়ে ৫/৬ জন লোক কৌশলে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে তিনজনকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়। আটকদের হেফাজত ও ঘটনাস্থলের আশপাশে তল্লাশি চালিয়ে দেশীয় তৈরি ৫টি বন্দুক ও ১৭ টি গুলি পাওয়া যায়।

কোস্টগার্ডের এ কর্মকর্তা বলেন, আটকরা সংঘবদ্ধ একটি ডাকাত দলের সদস্য। চক্রটির সদস্যরা অস্ত্র কেনাবেচার পাশাপাশি জলদস্যুতা, পর্যটকদের উপর হামলা ও ডাকাতিসহ নানা অপরাধ কর্মে জড়িত। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে চকরিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে।