প্রধানমন্ত্রীর সেলফিতে কুমিল্লার চার বিদ্যালয়ের শিক্ষার্থীরা

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার চার শিক্ষাপ্রতিষ্ঠানের ৬৫ শিক্ষার্থী ও চারজন শিক্ষক জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেছেন। পরিদর্শনের সময় শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তোলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (২৮ জুন) জাতীয় সংসদ সচিবালয়ের ভিজিট শাখার উদ্যোগে আয়োজিত এই শিক্ষা সফর শিক্ষার্থীদের জন্য এক অনন্য ও স্মরণীয় অভিজ্ঞতায় পরিণত হয়।
সফরের সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিক্ষার্থীদের শুভেচ্ছা বিনিময়।
এ সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং সৃজনশীল চর্চায় সমান গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
পরে তিনি শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তোলেন। প্রধানমন্ত্রীর সঙ্গে এ স্মরণীয় মুহূর্ত ক্যামেরাবন্দি করতে পেরে শিক্ষার্থীরা আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেন এবং এটিকে জীবনের অন্যতম সেরা অর্জন হিসেবে উল্লেখ করেন।
পরিদর্শনে অংশ নেওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো মনোহরগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় ও কলেজ, নীলকান্ত সরকারি কলেজ, নাথেরপেটুয়া ডিগ্রি কলেজ এবং শাহ শরীফ ডিগ্রি কলেজ।
শিক্ষক ও শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবনে পৌঁছে প্রথমে এলডি হল পরিদর্শন করেন। পরে বিশ্বখ্যাত স্থপতি লুই আই কানের নকশায় নির্মিত সংসদ ভবনের নান্দনিক স্থাপত্য, চলমান বাজেট অধিবেশন, উত্তর ও দক্ষিণ প্লাজা, ক্রিসেন্ট লেক, অধিবেশন কক্ষ এবং সমৃদ্ধ সংসদ গ্রন্থাগার ঘুরে দেখেন।

সংসদ ভবনের ইতিহাস, স্থাপত্যশৈলী ও সংসদীয় কার্যক্রম সম্পর্কে আয়োজিত ব্রিফিং সেশনেও তারা অংশ নেন।
সফরকালে শিক্ষার্থীরা জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও ফটোসেশনে অংশ নেন।
শিক্ষার্থীরা জানান, এতদিন জাতীয় সংসদ ভবন সম্পর্কে তারা শুধু পাঠ্যপুস্তক, সংবাদমাধ্যম ও টেলিভিশনের মাধ্যমে জেনেছেন। এবার সরাসরি সংসদ ভবন ঘুরে দেখা, অধিবেশন পর্যবেক্ষণ এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ও সেলফি তোলার সুযোগ তাদের জন্য আজীবন স্মরণীয় হয়ে থাকবে।
এ উপলক্ষে আয়োজিত ‘শুভেচ্ছা বিনিময়’ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মো. আবুল কালাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব গোলাম সরওয়ার ভূঁইয়া।
সফরের অংশ হিসেবে শিক্ষক-শিক্ষার্থীরা সংসদ ভবনের ক্যাফেটেরিয়ায় মধ্যাহ্নভোজে অংশ নেন।






