logo

কর্তব্যরত অবস্থায় মারা গেলেন মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, নেত্রকোনা
কর্তব্যরত অবস্থায় মারা গেলেন মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা
মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোমেনুল ইসলাম। ছবি: সংগৃহীত

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোমেনুল ইসলাম হাসপাতালে ডিউটির (দায়িত্বরত অবস্থা) সময় মারা গেছেন।

রোববার (২ আগস্ট) ময়মনসিংহ স্বাস্থ্য বিভাগের পরিচালক প্রদীপ কুমার সাহা এ তথ্য নিশ্চিত করে বলেন, বর্তমানে মোমনুল ইসলামের মরদেহ হিমাগারে রাখা হয়েছে।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, শনিবার সকালে একটি সভা শেষে হঠাৎ অসুস্থতাবোধ করেন মোমেনুল। কিছুক্ষণের মধ্যে তিনি রক্তবমি করেন। পরে তাকে মোহনগঞ্জ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে শনিবার দুপুর আড়াইটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোমেনুলের বাড়ি কুড়িগ্রামের রৌমারী উপজেলায়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ২০২৫ সালের মে মাসে যোগদান করেন তিনি। রাজশাহী মেডিকেল কলেজ থেকে (৩৩তম ব্যাচ) এমবিবিএস ডিগ্রি অর্জন করেন মোমেনুল। তিনি একজন সার্জন ছিলেন।

মোমেনুল ইসলামের মৃত্যুতে সহকর্মী, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোমেনুল ইসলামের মৃত্যুতে নেত্রকোনা জেলা সিভিল সার্জন ডা. গোলাম মাওলাসহ মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা গভীর শোক প্রকাশ করেছেন। এ ছাড়া মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা খাতুন গভীর শোক প্রকাশ করেন।