এক নারীর সহযোগিতায় আরেক জনকে সংঘবদ্ধ ধর্ষণ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় এক নারীকে বাড়ি থেকে ডেকে নিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৮ মার্চ) চুয়াডাঙ্গা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ রুহুল কবীর খান বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তাররা হলেন—চুয়াডাঙ্গা সদর উপজেলার সাতগাড়ী গ্রামের ফয়সালের স্ত্রী কবিতা, আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর গ্রামের মিজান, সামাদ আলী, আদম, শাহজাহান এবং শিয়ালমারি গ্রামের আব্দুস সালাম।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৫ মার্চ রাতে কবিতা ভুক্তভোগীকে চুয়াডাঙ্গা বড়বাজারে নিয়ে আসেন। পরে ঘুরতে যাওয়ার কথা বলে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের দিকে রওনা দেন কবিতা। আলমডাঙ্গা থানার খাদিমপুর বেলেদারী ফাঁকা মাঠের কাছে পৌঁছে ইজিবাইক চালককে ভাড়া দিয়ে বিদায় করে দেন। এরপর আসামিরা দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ভুক্তভোগীকে একটি আমবাগানে নিয়ে যায়। সেখানে ওই নারীকে তারা ধর্ষণ করে। এ সময় ঘটনাটি কাউকে না জানানোর জন্য ভুক্তভোগীকে ভয়ভীতি দেখানো ও হুমকি দেওয়া হয়।
পুলিশ জানায়, বাড়ি ফেরার পর অসুস্থ হয়ে পড়া ওই নারী তার স্বামীর জিজ্ঞাসাবাদে ঘটনা খুলে বলেন। এরপর তিনি আলমডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
এসপি মোহাম্মদ রুহুল কবীর খান বলেন, ঘটনাটি অত্যন্ত ন্যক্কারজনক। ভুক্তভোগী অভিযোগ করার পরপরই আমরা বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখি। আমাদের দ্রুত ও নিরবচ্ছিন্ন অভিযানে কয়েক ঘণ্টার ব্যবধানে মূল পরিকল্পনাকারীসহ জড়িত ৬ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।