দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, আহত ১০

ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস ট্রাকের পেছনে ধাক্কা দিলে অন্তত ১০ জন আহত হয়েছেন।
শনিবার (২৫ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার কামারদহ ইউনিয়নের চাপড়িগঞ্জ এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন—গোবিন্দগঞ্জ পৌরসভার পুরাতন বন্দর এলাকার উজ্জ্বল দাসের ছেলে অনন্ত দাস (৩০), কাটাবাড়ি ইউনিয়নের সাবের হোসেনের ছেলে আনোয়ার হোসেন (৪২) ও তার মেয়ে আয়েশা (৮), রংপুর সদরের কোতোয়ালি থানার গণেশপুর এলাকার হাফিজারের ছেলে লোকমান হোসেন (৪৫), কুড়িগ্রাম সদরের হলোখানা ইউনিয়নের আরাজী পলাশবাড়ী এলাকার সোলাইমান আলীর ছেলে রোস্তম আলী (৬৩), ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর এলাকার আফসার আলীর ছেলে আনজুল ইসলাম সাগর (৪৭) এবং আলমগীর (২১)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা 'টিএফ পরিবহন'-এর একটি বাস চাপড়িগঞ্জ এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বাসটি ‘এসআর গ্র্যান্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’ পার হয়ে সামনে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের ভেতরে থাকা বেশ কয়েকজন যাত্রী আহত হন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে গুরুতর আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অন্য সাতজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। দ্রুতগতির বাসটির নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। দুর্ঘটনার পর কিছুক্ষণ মহাসড়কে যানবাহন চলাচলে ধীরগতি থাকলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
.png)





