ফরিদপুরে ভক্তদের নিয়ে ঈদের জামাত করলেন কথিত পীর

ফরিদপুরের সদরপুর উপজেলায় সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে মিল রেখে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন এক কথিত পীর। রামচন্দ্রপুর দরবার শরীফ নামের আস্তানায় ভক্তদের নিয়ে ঈদের জামাত করেন পীর শাহ্ সুফী মো. রবিন হাসান মোস্তাক।
মঙ্গলবার (২৬ মে) সকাল ১০টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের দরবারের মসজিদে এ ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
সকাল থেকে দরবার এলাকায় ভক্তদের উপস্থিতি লক্ষ্য করা যায়। জামাতে দরবারের ভক্ত ও আশপাশের ৩০টি পরিবারের মানুষ এতে মানুষ অংশ নেন। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণকামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দরবারের পীর শাহ্ সুফি মো. রবিন হাসান মোস্তাক জানান, আমরা প্রতিবছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করে থাকি। ইসলামী শরিয়তের বিধান অনুসরণ করেই আমাদের এ আয়োজন করা হয়। শান্তিপূর্ণ পরিবেশে ভক্তদের অংশগ্রহণে এবারও ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
