logo

‘আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনা’, বিএনপি প্রার্থীর বক্তব্য ভাইরাল

‘আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনা’, বিএনপি প্রার্থীর বক্তব্য ভাইরাল

ফেনী-২ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী জয়নাল আবদিনের (ভিপি জয়নাল) একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। 

সোমবার (২৬ জানুয়ারি) নির্বাচনি সভায় কর্মীদের উদ্দেশ্যে বক্তব্যের একপর্যায়ে তিনি শেখ হাসিনাকে তার প্রধানমন্ত্রী বলে মন্তব্য করেন। 

২৭ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, বালিগাঁও ইউনিয়নের বক্সবাজারে জামে মসজিদের সামনে পথসভায় বক্তব্য দিচ্ছেন জয়নাল আবদিন। ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আল্লাহর রহমতে আপনাদের ভোটে আমরাই বিজয়ী হবো। এরপর আপনাদের এলাকার জন্য যা যা করা দরকার, আমাদের নেতা তারেক রহমানকে বলে দিয়েছেন। আপনার আম্মা, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কথাগুলো দিয়ে গেছেন, সেগুলো আপনাকে পূরণ করতে হবে। উনি বলেছেন, ঠিক আছে, সেগুলো আমরা দেখব। 

ফেনী সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির বলেন, বক্তব্য চলাকালীন সময় আমি অন্যমনস্ক ছিলাম, বিষয়টি পরে শুনেছি।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব বলেন, তিনি মুরুব্বি মানুষ, ভুলক্রমে স্লিপ অব টাং হয়েছে। সঙ্গে সঙ্গে বিষয়টি তার নজরে আনা হয়েছে। 

ভাইরাল হওয়া ভিডিও সম্পর্কে জানতে চাইলে জয়নাল আবদিনের (ভিপি জয়নাল) ব্যক্তিগত সহকারী রিপন বলেন, তিনি এখন গণসংযোগে ব্যস্ত, এ বিষয়ে পরে কথা বলবেন। 

উল্লেখ্য, ফেনী-২ আসনে এর আগে জয়নাল আবদিন দুবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।