খড় কিনে ফেরার পথে চলনবিলে প্রাণ গেল ব্যবসায়ীর

নাটোরের সিংড়ায় চলনবিলে নৌকার লগির সঙ্গে বৈদ্যুতিক তারের স্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফরহাদ আলী নামে এক খড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সকালে উপজেলার ডাহিয়া ইউনিয়নের শহরবাড়ী গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত ফরহাদ আলী একই উপজেলার কাউয়াটিকড়ী গ্রামের আতাহার আলীর ছেলে। ফরহাদ আলী পেশায় একজন কৃষক ও খড় ব্যবসায়ী ছিলেন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ও নিহতের পরিবারের সদস্যরা জানান, ফরহাদ আলী চলনবিলের শহরবাড়ী এলাকা থেকে বোরো ধানের খড় (আউর) কিনে নৌকায় করে তার নিজ গ্রাম কাউয়াটিকড়ী এলাকায় নিয়ে আসছিলেন। এ সময় চলনবিলের ওপর দিয়ে টানা বৈদ্যুতিক তারের নিচ দিয়ে যাওয়ার সময় তার হাতে থাকা নৌকার বাঁশের লগির সঙ্গে বৈদ্যুতিক তারের স্পর্শ হয়। এতে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই ফরহাদ আলী মারা যান।
পরে নৌকায় থাকা মাঝিসহ অন্যরা নৌকাটিসহ ফরহাদ আলীর মরদেহ তার গ্রামে নিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি কার্যক্রম চলমান রয়েছে।
বর্ষাকালে চলনবিলের মানুষ তাদের সংরক্ষিত বোরো ধানের খড় নৌকা বোঝাই করে এক স্থান থেকে অন্য স্থানে ক্রয়-বিক্রয়ের জন্য নিয়ে যায়; তাই সবাইকে সতর্কতার সঙ্গে চলাচলের আহ্বান জানায় পুলিশ।


