পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত

চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছেন।
মঙ্গলবার (২ জুন) সকাল ৮টার দিকে শাহ আমানত সেতুর প্রথম সিঁড়ি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের সিংহরা গ্রামের বাসিন্দা দুর্গাপদ মল্লিক (৭০) ও তার ছেলে বিধান মল্লিক (৪৭)। বিধান মল্লিক কর্ণফুলীর দৌলতপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন। তারা নগরের পাথরঘাটা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
মইজ্জ্যারটেক ট্রাফিক পুলিশের ইনচার্জ আবু সাঈদ বাকের জানান, সকালে নতুন সেতু এলাকা থেকে মইজ্জ্যারটেকের দিকে একটি পিকআপ ভ্যান ও একটি মোটরসাইকেল যাচ্ছিল। শাহ আমানত সেতুর প্রথম সিঁড়ি এলাকায় পৌঁছালে পিকআপটি মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের পেছনে থাকা দুর্গাপদ মল্লিক পিকআপের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেলচালক বিধান মল্লিককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী জামাল উদ্দীন বলেন, আমি সেতু থেকে নামার পথে দেখছিলাম পিকআপটি মোটরসাইকেলটিকে খুব জোরে ধাক্কা দেয়। বৃদ্ধ লোকটি সঙ্গে সঙ্গে গাড়ির নিচে পড়ে যান।
নিহতদের ভাই বাবলা মল্লিক জানান, সকালে তার ভাই বিধান মল্লিক মোটরসাইকেলে করে বাবাকে গ্রামের বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। বাবাকে নামিয়ে দিয়ে সেখান থেকে তার সরাসরি স্কুলে যাওয়ার কথা ছিল। কিন্তু পথেই এক দুর্ঘটনায় কেড়ে নিল দুজনের প্রাণ।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলাউদ্দীন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত বাবা ও ছেলের মরদেহ বর্তমানে হাসপাতাল মর্গে রয়েছে। এই ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।
