logo

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল স্কুলশিক্ষকের

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল স্কুলশিক্ষকের
সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষক আলমগীর প্রধান (ডানে) এবং হাসপাতালে উপস্থিত নিহতের স্বজন ও স্থানীয় বাসিন্দারা (বামে)। ছবি : এশিয়া পোস্ট কোলাজ

পঞ্চগড়ের দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আলমগীর প্রধান (৪৮) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আহতদের মধ্যে তন্ময় নামের একজনকে প্রাথমিক চিকিৎসা শেষে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো (রেফার) হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে দেবীগঞ্জ-সোনাহার সড়কের স্টেডিয়াম মাঠ সংলগ্ন ‘আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার’-এর প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলমগীর প্রধান দেবীগঞ্জ উপজেলার রামগঞ্জবিলাসী মণ্ডলপাড়া এলাকার খয়বর আলী প্রধানের ছেলে। তিনি রামগঞ্জবিলাসী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

আহত দুজন হলেন সৈকত ও তন্ময়। তাদের মধ্যে সৈকত দেবীগঞ্জ পৌরসভার মধ্যপাড়া এলাকার সাইদুল ইসলামের ছেলে এবং তন্ময় কাচাড়ীপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তন্ময়ের মোটরসাইকেলটি অতিরিক্ত গতিতে চলছিল। একপর্যায়ে দুটি মোটরসাইকেলের মধ্যে সজোরে সংঘর্ষ হলে তিনজন গুরুতর আহত হন। এতে তন্ময়ের ব্যবহৃত মোটরসাইকেলটির সামনের অংশ ও হেডলাইট দুমড়েমুচড়ে যায়। স্থানীয়দের অভিযোগ, তন্ময়কে প্রায়শই এলাকায় অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালাতে দেখা যেত।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বে থাকা চিকিৎসক ডা. আজাদ রহমান জানান, আলমগীর প্রধানকে হাসপাতালে নিয়ে আসার পথেই তার মৃত্যু হয়। আহত বাকি দুজনের মধ্যে তন্ময়ের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।