ফরিদপুরে হাতির ধাক্কায় অটোরিকশা উল্টে শিশুর মৃত্যু

ফরিদপুরের সদরপুর উপজেলায় হাতি দিয়ে চাঁদাবাজির সময় এক দুর্ঘটনা ঘটেছে। হাতির ধাক্কায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে গিয়ে ১০ মাস বয়সি আরিশা জান্নাত নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অটোরিকশার আরও কয়েকজন যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার আটরশি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরিশা জান্নাত ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের গুলবন্দি গ্রামের সজিব মোল্লার মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, আরিশা অসুস্থ থাকায় তাকে নিয়ে তার মা অটোরিকশায় করে সদরপুর হাসপাতালে যাচ্ছিলেন। পথে আটরশি এলাকায় হাতি দিয়ে বিভিন্ন যানবাহন থেকে টাকা তোলা হচ্ছিল। এ সময় হাতিটি অটোরিকশায় ধাক্কা দিলে সেটি উল্টে যায় এবং আরিশা নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বিশ্ব জাকের মঞ্জিল জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শিশুটি মারা যায়।
এ ঘটনার পর ক্ষুব্ধ জনতা হাতির মাহুত বকুল মিয়াকে আটক করে গণপিটুনি দেয় এবং হাতিটিকেও আটকে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাহুতকে উদ্ধার করে হেফাজতে নেয়। আটক বকুল মিয়া জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার মাদারের চর গ্রামের বাসিন্দা।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আল মামুন শাহ জানান, ঘটনায় জড়িত মাহুতকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। হাতিটিকেও পুলিশি হেফাজতে নেওয়ার প্রক্রিয়া চলছে।
.png)






