ইয়াবাসহ গ্রেপ্তার সেই বিএনপি নেতা বহিষ্কার

জামালপুরের মেলান্দহে ৮৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার হোসেন আলীকে দলীয় সব পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি। তিনি ফুলকোচা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।
শনিবার (১৭ অক্টোবর) রাতে ফুলকোচা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জহুরুল হক ও সাধারণ সম্পাদক মো. মোখলেছুর রহমান মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দলীয় শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এর আগে শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় মেলান্দহ উপজেলার ফুলকোচা এলাকায় অভিযান চালিয়ে হোসেন আলীকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১)। এসময় তার কাছ থেকে ৮৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানান জেলা গোয়েন্দা পুলিশ।
ডিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফুলকোচা গ্রামের মঞ্জুরুল ইসলামের ইটভাটার সামনে অভিযান চালানো হয়। পরে সেখান থেকেই হাতেনাতে হোসেন আলীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হোসেন আলী ফুলকোচা গ্রামের মৃত হযরত আলীর ছেলে। তার বিরুদ্ধে মেলান্দহ থানায় মামলা হয়েছে।
শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জামালপুর ডিবি-১-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর রহমান তালুকদার বিষয়টি নিশ্চিত করেন।
বহিষ্কারের বিষয়ে ফুলকোচা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোখলেছুর রহমান মামুন এশিয়া পোস্টকে বলেন, বিএনপি একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল। দলের নাম ব্যবহার করে কেউ শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডে জড়িত হলে তার দায় দল নেবে না। হোসেন আলীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলের শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষায় এ ধরনের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।
