logo
Advertisement

মহাসড়কে টায়ার জ্বালিয়ে স্লোগান দিতে দিতে পালাল আ.লীগ নেতাকর্মীরা

মহাসড়কে টায়ার জ্বালিয়ে স্লোগান দিতে দিতে পালাল আ.লীগ নেতাকর্মীরা
মহাসড়ক থেকে আগুনের বর্জ্য সড়িয়ে দিচ্ছে স্থানীয়রা। ছবি: এশিয়া পোস্ট

নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়া এলাকায় মহাসড়কের ওপর টায়ারে আগুন জ্বালিয়ে স্লোগান দিতে দিতে পিকআপ নিয়ে পালিয়ে যায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে স্থানীয়রা এসে দ্রুত আগুন নিভিয়ে ফেলে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়া জুম্মাঘর সংলগ্ন তানজিলা টেক্সটাইল কারখানার সামনে চন্দ্রামুখী লেনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি পিকআপে করে এসে মহাসড়কের ওপর টায়ারে আগুন জ্বালিয়ে দেয়। এ ঘটনায় সড়কে আতঙ্ক ছড়িয়ে পড়ে। টায়ারে আগুন জ্বালিয়ে তারা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে দ্রুত পিকআপ নিয়ে দক্ষিণ দিকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা পানি এনে আগুন নিভিয়ে ফেলেন ও মহাসড়ক থেকে বর্জ্য সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।

শিমুলিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক রুবেল শেখ জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে এসে দেখেন রাস্তায় টায়ার জ্বলছে। পরে স্থানীয়দের সহায়তায় পানি ঢেলে আগুন নেভানো হয় ও রাস্তা পরিষ্কার করা হয়। স্লোগান ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ ঘটনার সঙ্গে জড়িত।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

তিনি আরও জানান, বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।