জমি নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে হত্যা, বাবা-ভাই আহত

যশোরের ঝিকরগাছায় জমিজমা নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই ও ভাতিজাদের হামলায় আশিকুর জামান (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার বাবা-ভাই আহত হয়েছেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ১১টা ৫০ মিনিটের দিকে উপজেলার সোনাকুর দোয়ালীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আশিকুর জামান ওই গ্রামের আছিরউদ্দিনের ছেলে। এ ঘটনায় তার বাবা আছিরউদ্দিন (৭০) ও ভাই আশরাফুজ্জামান (৫০) আহত হয়েছেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে আছিরউদ্দিনের সঙ্গে তার ভাই আমিন উদ্দীনের পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মঙ্গলবার রাতে এ নিয়ে দুই পরিবারের সদস্যদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আমিন উদ্দীনের ছেলে নজরুল (৫০) ও ফজলু রহমান (৪৫) এবং নজরুলের দুই ছেলে মনিরুজ্জামান (৩৫) ও আরিফুজ্জামান (৩১) শাবল ও দা নিয়ে আছিরউদ্দিনের পরিবারের সদস্যদের ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে।
এ সময় আশিকুরকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। ছেলেকে রক্ষা করতে গিয়ে তার বাবা আছিরউদ্দিন ও ভাই আশরাফুজ্জামানও আহত হন। পরে রাত ১টার দিকে আশিকুরকে আশঙ্কাজনক অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আনোয়ার হোসেন জানান, আশিকুরকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত দুজনকে চিকিৎসা দিয়ে হাসপাতালের ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। আহত দুজন চিকিৎসাধীন আছেন।

