এমপির সামনেই মাদক সেবন, দুজনের কারাদণ্ড

মাদারীপুর সদর উপজেলার চরমুগরিয়া ইকোপার্ক এলাকায় সংসদ সদস্যের (এমপি) সামনেই প্রকাশ্যে মাদক সেবনের সময় দুজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৩ জুন) বিকেলে মাদারীপুর-২ আসনের এমপি জাহান্দার আলী জাহান নয়াচর ইকোপার্ক এলাকায় চলমান উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শনে যান। এ সময় তার সামনেই দুই ব্যক্তি মাদক সেবন করতে থাকেন। বিষয়টি নজরে আসলে তিনি সঙ্গে থাকা পুলিশ সদস্য ও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে তাদের আটকের নির্দেশ দেন।
পরে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে মাদারীপুর সদর উপজেলার নয়ারচর এলাকার আবুল বেপারী এবং মো. রাজিব খান নামে দুজনকে আটক করে। এরপর তাদের মাদারীপুর সদর উপজেলা কার্যালয়ে নেওয়া হয়।
পরে মাদারীপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার লাবনীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুজনকে পৃথক দুই মামলায় এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে মোট ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে।
