logo
Advertisement

কুষ্টিয়ায় সংবাদ সংগ্রহে গিয়ে এমপির স্বজনদের মারধরের শিকার সাংবাদিক

কুষ্টিয়ায় সংবাদ সংগ্রহে গিয়ে এমপির স্বজনদের মারধরের শিকার সাংবাদিক
হামলায় আহত সাংবাদিক এম এ উল্লাস। ছবি : এশিয়া পোস্ট

কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার কুন্ডুপাড়া এলাকায় সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগের তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক এম এ উল্লাস হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহত উল্লাস কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

আহত এম এ উল্লাস কুমারখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলা টিভির কুমারখালী প্রতিনিধি।

উল্লাসের অভিযোগ, কুন্ডুপাড়ায় একটি সড়ক নির্মাণে নিম্নমানের ইট, বালু ও খোয়া ব্যবহার করা হচ্ছে—এমন অভিযোগের ভিত্তিতে তিনি সংবাদ সংগ্রহের জন্য ঘটনাস্থলে যান। সেখানে তথ্য সংগ্রহের একপর্যায়ে কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আফজাল হোসেনের ভাই ও ভাতিজাদের নেতৃত্বে একদল লোক তার ওপর অতর্কিত হামলা চালায়।

এ সময় পুলিশ হামলা ঠেকানোর চেষ্টা করলেও হামলাকারীদের সংখ্যা বেশি থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয় বলে অভিযোগ করা হয়েছে। পরে স্থানীয়রা আহত সাংবাদিককে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তিনি চিকিৎসাধীন। এ ঘটনায় কুষ্টিয়ায় কর্মরত সাংবাদিকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু বলেন, একজন পেশাদার সাংবাদিকের ওপর এ ধরনের হামলা স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত। হামলাকারীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।