শেরপুরে মাথায় কালো ব্যাগ মুড়িয়ে জামায়াত নেতাকে মারধর

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে জাহিদ হাসান নামে জামায়াতে ইসলামীর এক নেতাকে মারধর করেছেন দুর্বৃত্তরা। আহত হয়ে তিনি নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (৫ জুলাই) নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক তানভীর ইবনে কাদের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন নিয়ে জাহিদ হাসানকে হাসপাতালে আনা হয়। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জাহিদ হাসান নালিতাবাড়ী পৌরসভার ৭নং ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক এবং জামায়াতের ব্যবসায়ী ফোরামের শেরপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক।
পরিবারের সদস্যরা জানান, শনিবার রাত দেড়টার দিকে নালিতাবাড়ী বাজারে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে হেঁটে বাড়ি ফিরছিলেন জাহিদ হাসান। চকপাড়া এলাকায় দুটি মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত চার ব্যক্তি তার গতিরোধ করে হামলা চালায়।
হামলাকারীরা তার মাথায় একটি কালো ব্যাগ মুড়িয়ে হাত-পা বেঁধে মারধর করে। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়লে হামলাকারীরা ঘটনাস্থল থেকে চলে যায়। পরে স্থানীয় লোকজন তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে রাত আড়াইটার দিকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
নালিতাবাড়ী উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক আরিফ রাব্বানী বলেন, পরিকল্পিতভাবে এ হামলা হয়েছে। ঘটনার প্রতিবাদে সংগঠনের পক্ষ থেকে প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়া হবে।
এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান জানান, ঘটনা সম্পর্কে তিনি অবগত। কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।





