logo
Advertisement
এশিয়া পোস্টে সংবাদ প্রকাশ

কুমিল্লা বিমানবন্দরের বহুতল ভবন নিয়ে তদন্ত কমিটি

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,কুমিল্লা
কুমিল্লা বিমানবন্দরের বহুতল ভবন নিয়ে তদন্ত কমিটি
কুমিল্লা বিমানবন্দরের আশপাশে হয়েছে অনেক বহুতল ভবন। ছবি: এশিয়া পোস্ট

কুমিল্লা বিমানবন্দরের ওবস্ট্যাকল লিমিটেশন সারফেস (ওএলএস) ফানেল ও রেড জোনে গড়ে ওঠা বহুতল ভবন নিয়ে এশিয়া পোস্টে প্রতিবেদন প্রকাশের পর তদন্ত কমিটি গঠন করেছে কুমিল্লা সিটি করপোরেশন। ৬ সদস্যের এই কমিটি বিমানবন্দরের নির্ধারিত এলাকার মধ্যে নির্মিত, নির্মাণাধীন ও নির্মিতব্য বহুতল ভবন চিহ্নিত করে সেগুলোর উচ্চতা ছাড়পত্র ও জিপিএস কোঅর্ডিনেশনের তথ্য যাচাই করবে।

Advertisement

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মামুন।

এর আগে, রোববার (৬ সেপ্টেম্বর) ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

সিটি করপোরেশন সূত্রে জানা যায়, তদন্ত কমিটিকে ওএলএস ফানেল ও রেড জোনের মধ্যে থাকা নির্মিত, নির্মাণাধীন ও নির্মিতব্য বহুতল ভবন চিহ্নিত করার দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে এসব ভবনের উচ্চতা ছাড়পত্র ও জিপিএস কোঅর্ডিনেশনের তথ্য যাচাই করবে কমিটি।

তদন্ত কমিটি গঠন।
তদন্ত কমিটি গঠন।

কমিটিকে ১৫ কর্মদিবসের মধ্যে তথ্য, মতামত ও সুপারিশসহ প্রতিবেদন দিতে বলা হয়েছে। এ ছাড়া কুমিল্লা বিমানবন্দরের ওএলএস ও রেডিয়াস অনুযায়ী ভবনের উচ্চতা সীমা এবং রেড জোনের আওতাভুক্ত মৌজাগুলোর তথ্যও চেয়েছে সিটি করপোরেশন।

কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মামুন বলেন, দীর্ঘদিন বন্ধ থাকা কুমিল্লা বিমানবন্দর পুনরায় চালুর ক্ষেত্রে ওএলএস এলাকায় অনিয়ন্ত্রিতভাবে ভবন নির্মাণ বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর ভবনগুলোর অনুমোদন ও উচ্চতার বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আপাতত চিহ্নিত কিছু ভবনের নির্মাণকাজ বন্ধ রাখার জন্য বলা হয়েছে।

গত ২৩ জুলাই এশিয়া পোস্টে ‘বহুতল ভবনে আটকে যাচ্ছে কুমিল্লা বিমানবন্দরের ভবিষ্যৎ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে কুমিল্লা বিমানবন্দরের ওএলএস ফানেল ও রেড জোনে বহুতল ভবন নির্মাণের বিষয়টি তুলে ধরা হয়েছিল।