অভিযানে গিয়ে তোপের মুখে ম্যাজিস্ট্রেট

নওগাঁ সদর উপজেলায় অবৈধভাবে পশুখাদ্য উৎপাদন করা কারখানায় অভিযান পরিচালনার সময় তোপের মুখে পড়েন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বৃহস্পতিবার (২ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার রজাকপুর (মল্লিকা ইনের পাশে) এলাকায় এ ঘটনা ঘটে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান। অভিযানে সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আমিনুল ইসলাম ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
শেখ নওশাদ হাসান বলেন, রজাকপুর এলাকায় অনুমোদনবিহীন সাদ গুড়া ও চালনি মিলে পশুখাদ্য উৎপাদন করা হয়। অভিযানের সময় তার সত্যতা পাওয়া যায়। এ সময় মিল মালিক ওমর ফারুক (তপন) পশুখাদ্য উৎপাদনের জন্য কোনো ধরনের লাইসেন্স বা কাগজপত্র দেখাতে পারেননি। এ অপরাধে মিল মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা গেছে, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শেষে জরিমানার ঠিক আগ মুহূর্তে মতিউর মতিন নিজেকে গুড়া চালনি-মালিক সমিতির উপদেষ্টা পরিচয় দিয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জরিমানা না করার অনুরোধ করেন। তারা দীর্ঘদিন এভাবেই ব্যবসা করে আসছে বলে জানান। এ সময় তোপের মুখে পড়েন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
ওমর ফারুক (তপন) বলেন, শুধু ট্রেড লাইসেন্স দিয়ে তিনটি মিল গত প্রায় ১৫-২০ বছর থেকে ব্যবসা করে আসছি। যেখানে প্রায় ২০ নারী-পুরুষ কাজ করেন। সরকারি দপ্তর থেকে লাইসেন্স নিতে হবে আমার জানা ছিল না।