logo

ভৈরব নদীতে ভাসছিল মাথাবিহীন মরদেহ

ভৈরব নদীতে ভাসছিল মাথাবিহীন মরদেহ
ভৈরব নদীর পাড়ে উৎসুক মানুষের ভিড়। ছবি : এশিয়া পোস্ট

বাগেরহাটের ফকিরহাটে ভৈরব নদী থেকে মাথাবিহীন অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার মানসা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বিকেলে স্থানীয় পথচারীরা ভৈরব নদীতে মাথাবিহীন একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে ফকিরহাট মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয়দের ধারণা, মরদেহটি জোয়ারের পানিতে রূপসা এলাকা থেকে ভেসে ফকিরহাটের মানসা এলাকায় এসে থাকতে পারে। মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকা থেকে উৎসুক মানুষ নদীর দুই পাড়ে ভিড় করেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান বলেন, ভৈরব নদী থেকে মাথাবিহীন অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি তিন থেকে চার দিন আগের। শরীরে পচন ধরেছে। বিষয়টি নৌ পুলিশ, পিবিআই ও সিআইডিকে জানানো হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহটি ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হবে। সংশ্লিষ্ট সংস্থাগুলো ঘটনাস্থলে এলে মরদেহের পরিচয় শনাক্তের প্রক্রিয়া শুরু হবে।