‘হয় মাদক ছাড়, না হয় ছনুয়া ইউনিয়ন ছাড়’

ফেনী সদর উপজেলার ১০ নম্বর ছনুয়া মডেল ইউনিয়নে মাদক, কিশোর গ্যাং, চুরি ও ইভটিজিংয়ের মতো সামাজিক অপরাধ প্রতিরোধে বার্তা নিয়ে মাঠে নেমেছেন যুবদল নেতা আহসান উদ্দিন সুমন। চিঠিতে বার্তা দেওয়া হয়েছে–‘হয় মাদক ছাড়, না হয় ছনুয়া ইউনিয়ন ছাড়।’
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়নের বিভিন্ন এলাকায় গিয়ে অপরাধের সঙ্গে অভিযুক্ত অন্তত ১৫টি পরিবারের অভিভাবকের হাতে সতর্কতামূলক চিঠি তুলে দেন তিনি।
এ সময় অপরাধে জড়িত ব্যক্তিদের সতর্ক করতে তিনি অভিভাবক ও পরিবারের সদস্যদের হাতে সরাসরি লিখিত নোটিশ পৌঁছে দিচ্ছেন। চিঠিতে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে— ‘হয় মাদক ছাড়, না হয় ছনুয়া ইউনিয়ন ছাড়’।
আহসান উদ্দিন সুমন ফেনী জেলা যুবদল ও জাতীয়তবাদী হেল্প সেলের সদস্য এবং ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় অপরাধপ্রবণতা বৃদ্ধি পাওয়ায় সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। অভিভাবকদের সচেতন করা এবং অপরাধীদের সামাজিকভাবে সংশোধনের সুযোগ দিতে বাড়ি গিয়ে এই বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে।
আহসান উদ্দিন সুমন জানান, গত প্রায় এক বছর ধরে ছনুয়া ইউনিয়নে মাদকাসক্তের সংখ্যা বৃদ্ধি, কিশোর গ্যাংয়ের উৎপাত ও চুরির ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। এতে এলাকার শান্তিশৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে এবং জনজীবনে অস্থিরতা তৈরি হয়েছে। তাই এ বিষয়ে জনসাধারণকে সতর্ক করতে আমি সরাসরি উপস্থিত হয়ে বাড়ি বাড়ি গিয়ে চিঠি বিলি করছি। প্রাথমিকভাবে ১৫টি পরিবারকে দিয়েছি।
এ সময় স্থানীয় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি অভিযোগ করেন, অপরাধ দমনে পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তা ও অসহযোগিতার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। প্রশাসনের কার্যকর পদক্ষেপ না থাকায় সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে এই সামাজিক প্রতিরোধমূলক উদ্যোগ গ্রহণ করতে বাধ্য হয়েছেন তিনি।
