ঠাকুরগাঁওয়ে খুলল আওয়ামী লীগ কার্যালয়, উঠল পতাকা

এশিয়া পোস্ট নিউজ
ঠাকুরগাঁওয়ে খুলল আওয়ামী লীগ কার্যালয়, উঠল পতাকা

দলীয় কার্যক্রম নিষিদ্ধ করা হলেও ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেছে দলটির নেতাকর্মীরা। এ সময় তারা দলীয় নানা ধরনের স্লোগান দিতে দেখা যায়।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে পীরগঞ্জ উপজেলার পৌর শহরের লিচুতলা এলাকার অবস্থিত কার্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। এ ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।  

ছড়িয়ে পড়া ভিডিওতে ২০ থেকে ২৫ জনের মতো পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ ও সাবেক ছাত্রলীগ নেতাদের উপস্থিতি দেখা যায়। এ সময় দলীয় নানা ধরনের স্লোগান দিতে দেখা যায় দলটির নেতাকর্মীদের। 

জানা গেছে, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের সময় উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম রব্বানী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোজাহারুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি সুমন মন্ডল, পীরগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি রিগান, সাবেক ছাত্রনেতা সাগর, কুরবান আলী পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কবির ইসলাম।

কার্যালয় খোলার বিষয়ে গোলাম রব্বানী গণমাধ্যমকে বলেন বলেন, দীর্ঘ ১৭-১৮ মাস ধরে আমরা রাজনৈতিক কোনো কার্যক্রম পরিচালনা করতে পারিনি। আজ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী একত্রিত হয়ে আমাদের দলীয় কার্যালয়ে যায়। এরপর সেখানে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করি। এটি কেবল আনুষ্ঠানিকতা নয়, এটি তৃণমূল আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করা এবং গণমানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার প্রতীক।

তিনি আরও বলেন, সাংগঠনিক কার্যক্রম জোরদার, নতুন সদস্য সংগ্রহ এবং উন্নয়নমুখী রাজনৈতিক কর্মসূচির মধ্য দিয়ে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যক্রমে নতুন গতি সঞ্চার করা হবে।