logo

‘ধোঁকা খেতে খেতে মানুষ দিশাহারা, আশা-আকাঙ্ক্ষার প্রতীক এখন জামায়াত’

‘ধোঁকা খেতে খেতে মানুষ দিশাহারা, আশা-আকাঙ্ক্ষার প্রতীক এখন জামায়াত’
ফেনীতে জেলা জামায়াতের উদ্যোগে দুদিন ব্যাপী রুকনদের এক প্রশিক্ষণ কর্মশালায় মাওলানা এটিএম মাছুম। ছবি: এশিয়া পোস্ট

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম বলেছেন, মানুষ ধোঁকা খেতে খেতে, শোষণ-বঞ্চনা ও নির্যাতনের শিকার হতে হতে দিশাহারা হয়ে পড়েছে। তাই সব দল থেকে মুখ ফিরিয়ে জামায়াত এখন মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠেছে। মানুষের এই আকাঙ্ক্ষা পূরণে যোগ্যতা ও দক্ষতা অর্জনের মাধ্যমে প্রস্তুতি নিতে হবে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ফেনী জেলা জামায়াত আয়োজিত দুই দিনব্যাপী রুকনদের প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা আমির মুফতি আবদুল হান্নানের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা আবদুর রহিমের পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির আরেক কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।

এটিএম মাছুম আরও বলেন, ইব্রাহিম (আ.) যেভাবে সব পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নেতৃত্বের যোগ্যতা অর্জন করেছিলেন, সেভাবে তারাও পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছেন। এখন নেতৃত্বের গুরুদায়িত্ব তাদের ওপর অর্পিত হলে সেই পরীক্ষাতেও উত্তীর্ণ হয়ে জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে। এ জন্য মজবুত ইমানের অধিকারী হতে হবে এবং নিয়তের মধ্যে ইখলাস রাখতে হবে।

তিনি বলেন, দ্বীনের কাজের ক্ষতি করে দুনিয়ার কাজে মশগুল থাকলে চলবে না। এটাই ইখলাসের বিষয়। মুমিন তার দায়িত্ব যথাযথভাবে পালন করে যাবেন। মুমিন কখনও হতাশ, নিরাশ বা ভেঙে পড়বেন না।

একাত্তরে জামায়াতের ভূমিকা নিয়ে ওঠা অভিযোগ প্রসঙ্গে এটিএম মাছুম বলেন, ১৯৭১ সাল নিয়ে জামায়াতের বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়, সেগুলো সবই মিথ্যা ও বানোয়াট।

এ সময় জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও রাজপথে নামার জন্য প্রস্তুত থাকতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল।

কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমির পরিবেশবিজ্ঞানী নজরুল ইসলাম, ফেনী জেলার সাবেক আমির ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য একেএম শামছুদ্দিন, নোয়াখালী জেলা আমির ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ইসহাক খোন্দকার, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা ফারুক আহমাদ, লন্ডনপ্রবাসী নেতা অধ্যাপক মফিজুর রহমান (ভার্চুয়ালি), জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আবু ইউছুফ এবং জেলার সহকারী সেক্রেটারি অধ্যাপক রফিকুল ইসলাম ও অ্যাডভোকেট জামাল উদ্দিন প্রমুখ।