দুই কিলোমিটার সড়কে তালগাছের সারি, সবুজের পথে মধুখালী

সবুজায়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ফরিদপুরের মধুখালীতে ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলার মেগচামী ইউনিয়নের গোপিনাথপুর থেকে নরকোনা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কের দুই পাশে রোপণ করা হয়েছে তালগাছের চারা। সময়ের সঙ্গে এসব চারা বড় হয়ে সড়কটি সবুজে ঘেরা হয়ে উঠবে—এমন প্রত্যাশা আয়োজকদের।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। সারা দেশে চলমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে স্থানীয়ভাবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল আলিম মানিক, পৌর বিএনপির সভাপতি মো. হায়দার আলী মোল্লা, সাধারণ সম্পাদক মো. ইয়াসিন বিশ্বাস, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম ফকির, মিহির কুমার বাবলু, মধুখালী উপজেলা জামায়াতের আমির মাওলানা আলিমুজ্জামান জামান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহবুব এলাহী এবং মেগচামী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাব্বির উদ্দিন শেখ।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্যসচিব মো. তারিকুল ইসলাম এনামুল, উপজেলা কৃষক দলের সদস্যসচিব মো. তানভীর আহমেদ শিমুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. জহিরুল ইসলাম লিটন, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মো. সাদ্দাম আরেফিন, উপজেলা বিএনপির অর্থ সম্পাদক আলী মুনসুর দাউদসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতারা।
কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিরা বলেন, তালগাছ শুধু সড়কের সৌন্দর্য বাড়ায় না, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি কমাতেও ভূমিকা রাখে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য ও সবুজ পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন।
তারা আরও বলেন, একটি গাছ আজ ছোট চারা হলেও পরিচর্যায় সেটিই ভবিষ্যতে প্রকৃতির বড় সম্পদ হয়ে উঠতে পারে। তাই সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি ও সামাজিক পর্যায়েও ব্যাপকভাবে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় গুরুত্ব দেওয়া প্রয়োজন।


