logo

‘ডিজেলে ঘাটতি নেই, অকটেনে চাপ মোটরসাইকেল চালকদের কারণে’

‘ডিজেলে ঘাটতি নেই, অকটেনে চাপ মোটরসাইকেল চালকদের কারণে’

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেছেন, ডিজেলের ক্ষেত্রে কোনো ঘাটতি নেই। তবে অকটেনের ক্ষেত্রে কিছু মোটরসাইকেল চালক দিনে দুইবার করে তেল নিচ্ছেন, যার ফলে তারাই এক ধরনের কৃত্রিম চাপ তৈরি করছেন। কিন্তু এতে প্রকৃতপক্ষে তেল সংকটের কোনো কারণ নেই।

শুক্রবার (৩ এপ্রিল) সকালে টাঙ্গাইল শহরের ঐতিহ্যবাহী মাহমুদুল হাসান চাঁদ বাজার (পার্ক বাজার) পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

জ্বালানি তেলের বিষয়ে মীর শাহে আলম বলেন, দেশে কোনো ধরনের তেলের সংকট নেই। সরকার আগাম তিন মাসের পরিকল্পনা হাতে নিয়েছে। তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে। এছাড়া জ্বালানি সাশ্রয়ে নতুন কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে—সন্ধ্যা ৬টার মধ্যে বাজার বন্ধ রাখা এবং মন্ত্রী ও সচিবদের ব্যয় ৩০ শতাংশ কমিয়ে আনা ইত্যাদি।

তিনি আরও বলেন, বর্তমান সরকার ভর্তুকি দিয়ে জ্বালানি তেল আমদানি করছে। বর্তমানে দেশের তেলের মজুত আগামী তিন মাস পর্যন্ত পর্যাপ্ত রয়েছে। তবুও কিছু অসাধু ব্যবসায়ী ও পাম্প কর্তৃপক্ষ তেলের সংকটের গুজব ছড়িয়ে কারসাজি করার চেষ্টা করছে। তবে ইরান-ইসরাইল যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয়, সেক্ষেত্রে পরিস্থিতি বিবেচনায় সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, গত ১৭ বছরে শুধু উন্নয়নের বুলি শোনা গেছে তবে বাস্তবে কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি। মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে এখন সেই বাস্তব চিত্র পরিষ্কারভাবে ধরা পড়ছে। টাঙ্গাইলের পার্ক বাজারের রাস্তা ও বাজার উন্নয়নের জন্য এরই মধ্যে জেলা স্থানীয় সরকার বিভাগের সঙ্গে কথা হয়েছে। জরুরি ভিত্তিতে এসব উন্নয়ন কাজ শুরু করা হবে।

এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এমপি, টাঙ্গাইল এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামানসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।