logo

ওসির সামনে চাঁদা চাওয়া সেই যুবদল নেতা বহিষ্কার

ওসির সামনে চাঁদা চাওয়া সেই যুবদল নেতা বহিষ্কার

নাটোরের গুরুদাসপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সামনেই ইজারাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় অভিযুক্ত যুবদল নেতা রাকিবুর রহমান রাজাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সংঘর্ষে লিপ্ত থাকা ও নৈতিক স্খলনজনিত অপরাধের অভিযোগে আরও তিন যুবদল নেতাকে বহিষ্কার করেছে জেলা যুবদল।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে নাটোর জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আনিসুর রহমান আনিস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত রাকিবুর রহমান রাজা গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়ক ছিলেন।

বহিষ্কৃত অন্য নেতারা হলেন—নাটোর সদর উপজেলা যুবদলের সহসভাপতি (প্রস্তাবিত) আব্দুল গফুর, নলডাঙ্গা উপজেলার পিঁপরুল ইউনিয়ন যুবদলের সহসভাপতি মো. লিটন এবং একই ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আরব আলী।

জানা গেছে, সম্প্রতি গুরুদাসপুর উপজেলা চত্বরে ওসির উপস্থিতিতেই এক ইজারাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন যুবদল নেতা রাজা। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। অন্যদিকে, নলডাঙ্গার পিঁপরুল ইউনিয়নে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় দলীয় নেতাদের জড়িত থাকার অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতেই বহিষ্কারের সিদ্ধান্ত নেয় জেলা যুবদল।

বহিষ্কার আদেশে উল্লেখ করা হয়েছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ওই ৪ নেতাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো। বহিষ্কৃত নেতাদের কোনো ধরনের অপকর্মের দায়ভার দল গ্রহণ করবে না। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি জেলা যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে কোনো প্রকার সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।