logo

শূন্যরেখায় মাছ ধরতে গিয়ে পা হারালেন রোহিঙ্গা যুবক

শূন্যরেখায় মাছ ধরতে গিয়ে পা হারালেন রোহিঙ্গা যুবক

কক্সবাজারে উখিয়ার আঞ্জুমান পাড়া সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে মোহাম্মদ শহীদুল (২৫) নামে এক রোহিঙ্গা যুবক আহত হয়েছেন। এ সময় তার একটি পা গোড়ালি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের আঞ্জুমানপাড়া সীমান্তে নাফ নদীর শূন্যরেখায় এ ঘটনা ঘটে।

আহত মোহাম্মদ শহীদুল উখিয়ার ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-৫ ব্লকের বাসিন্দা চাঁন মিয়ার ছেলে।

ঘটনার সত্যতা স্বীকার করে বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, আহত ওই রোহিঙ্গা যুবক আশ্রয় শিবির থেকে বেআইনিভাবে বের হয়ে সীমান্তে নাফ নদীর শূন্যরেখায় মাছ ধরতে গিয়েছিল।

স্থানীয়দের বরাতে লে. কর্নেল জহিরুল ইসলাম বলেন, ‘দুপুরে উখিয়ার আঞ্জুমান পাড়া সীমান্তে নাফ নদীর শূন্যরেখায় মোহাম্মদ শহীদুলসহ আরও কয়েকজন রোহিঙ্গা মাছ ধরছিল। একপর্যায়ে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে শহীদুল গুরুতর আহত হয়। বিস্ফোরণের ঘটনায় শহীদুলের ডান পা গোড়ালি থেকে বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়েছে।’

তিনি জানান, ঘটনার পর সেখানে উপস্থিত লোকজন আহত যুবককে উদ্ধার করে উখিয়ার কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে ভর্তি করে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছেন।