logo

ঢাকা-চট্টগ্রাম-সিলেট ও এশিয়ান হাইওয়েতে তীব্র যানজট

ঢাকা-চট্টগ্রাম-সিলেট ও এশিয়ান হাইওয়েতে তীব্র যানজট

ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট ও এশিয়ান হাইওয়েতে তীব্র যানজট দেখা দিয়েছে। নির্বাচনি ছুটির পর একযোগে নেমে পড়া পণ্যবাহী যানবাহনের চাপে বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল থেকে ধীরগতিতে এখন পর্যন্ত এই তিনটি গুরুত্বপূর্ণ সড়কে হাজার হাজার যানবাহন যানজটের কবলে পড়েছে। এতে ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ।

স্থানীয়রা জানান, সকাল থেকেই বাস, ট্রাক ও ব্যক্তিগত গাড়ি দীর্ঘ সময় ধরে ধীরগতিতে চলাচল করছে এবং কিছু কিছু সময় এক জায়গায় দাঁড়িয়ে আছে। এতে যান চলাচলের জায়গা সংকুচিত হয়ে যাওয়ায় যানজট আরও তীব্র হচ্ছে। যাত্রী ও পণ্যবাহী ট্রাকের চালকদের ভোগান্তি চরমে পৌঁছেছে। পরিস্থিতি আরও জটিল করেছে ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন অংশে চলমান সড়ক সম্প্রসারণ কাজ। 

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মোহাম্মদ সাহাবুর রহমান এশিয়া পোস্টকে জানান, ছুটি শেষ হতেই সব গাড়ি একসঙ্গে রাস্তায় নামায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। নির্বাচনের কারণে বেশ কয়েকদিন পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যান চলাচল বন্ধ ছিল। তবে মদনপুরের পরের সড়কগুলো এখনো স্বাভাবিক আছে।

তিনি আরও বলেন, যানজটের পেছনে আরেকটি কারণ হলো রমজানকে সামনে রেখে ব্যবসায়ীদের পণ্য পরিবহনের চাপ হঠাৎ বেড়ে যাওয়া। যদিও যাত্রীবাহী বাসের চাপ তুলনামূলক কম, তবে পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যানের সংখ্যা অনেক বেশি।