নারী-শিশু নির্যাতনের ঘটনায় জিরো টলারেন্স নীতিতে সরকার: আইনমন্ত্রী

সরকার নারী ও শিশু নির্যাতনের ঘটনা সরকার ‘জিরো টলারেন্স’ বা শুন্য সহনশীলতা নীতি অনুসরণ করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বহুল আলোচিত শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচারকার্য নির্ধারিত সময় ১ জুন থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে বলে জানান তিনি।
বুধবার (২৭ মে) বিকেলে ঝিনাইদহের শৈলকূপা সরকারি ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত মেধা ও মনন উৎসবের সমাপনী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন আইনমন্ত্রী।
আসাদুজ্জামান বলেন, রামিসার বাবা একসময় হতাশা প্রকাশ করে বলেছিলেন, তিনি আর বিচার চান না। তখন আমি তাকে বলেছিলাম, এই হতাশার অবসান হবে তখনই, যখন এই হত্যাকাণ্ডের সঠিক বিচার নিশ্চিত করা যাবে। সরকার সেই প্রতিশ্রুতি রক্ষা করবে।
তিনি বলেন, মামলাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত কার্যক্রম পরিচালনা করা হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে চার্জশিট দাখিলের নির্দেশ দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের আগেই পুলিশ চার্জশিট জমা দিয়েছে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার নারী ও শিশু নির্যাতনের ঘটনায় জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। কোনো অপরাধী যেন আইনের ফাঁক গলে বেরিয়ে যেতে না পারে, সে বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে।
আইনমন্ত্রী বলেন, শিশু রামিসার মতো নির্মম ঘটনার পুনরাবৃত্তি রোধে শুধু আইন প্রয়োগ নয়, সামাজিক সচেতনতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করাও জরুরি।
অনুষ্ঠানে শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে থেকে শিক্ষায় মনোযোগী হওয়ার আহ্বান জানান মন্ত্রী।
এ সময় অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। পরে কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
