logo
বেনাপোলে নিরাপত্তা জোরদার

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকের মরদেহ দেশে আসছে আজ

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকের মরদেহ দেশে আসছে আজ
বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট এলাকায় নিরাপত্তা জোরদার। ছবি: এশিয়া পোস্ট

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুর হায়দার চৌধুরী রোটনের মরদেহ ভারত থেকে দেশে আনা হচ্ছে আজ রোববার (১১ অক্টোবর)। কলকাতা থেকে বেনাপোল স্থলবন্দর হয়ে তার মরদেহ বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। এ উপলক্ষে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মরদেহ দেশে আসাকে কেন্দ্র করে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি। সীমান্তের গুরুত্বপূর্ণ এই প্রবেশপথে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে জন্য সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান বলেন, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুর হায়দার চৌধুরী রোটনের মরদেহ বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে প্রবেশ করবে। এ কারণে চেকপোস্ট এলাকায় নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে।

জানা গেছে, গত শনিবার (১০ অক্টোবর) সকাল ৭টার দিকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাহফুজুর হায়দার চৌধুরী রোটন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।

মাহফুজুর হায়দার চৌধুরী রোটন ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন। ২০২১ সালে তাকে আওয়ামী লীগের শ্রম ও জনশক্তিবিষয়ক উপকমিটির সদস্য মনোনীত করা হয়।