logo

দিনাজপুর জেলা বারে ১৫ পদের নয়টিতে বিএনপিপন্থিদের জয়

দিনাজপুর জেলা বারে ১৫ পদের নয়টিতে বিএনপিপন্থিদের জয়

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৫টি পদের মধ্যে সভাপতিসহ নয়টিতে বিএনপি সমর্থিত আইনজীবী ফোরাম মনোনীত প্যানেলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

শনিবার (১১ এপ্রিল) রাত তিনটার দিকে ভোট গণনা শেষে ফল ঘোষণা করেন জেলা আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মো. ইব্রাহীম। 

এর আগে শনিবার সকাল ১০টা হতে বিকেলে তিনটা পর্যন্ত আইনজীবী সমিতি মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ৫৪৬ জন ভোটারের মধ্যে ৫০৩ জন তাদের ভোট দেন।

সভাপতি পদে ৩১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জেলা বিএনপির সহ-আইনবিষয়ক সম্পাদক এমাম আলী। সাধারণ সম্পাদক পদে ১৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সাধারণ আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্যানেলের প্রার্থী ও জেলা জামায়াত নেতা আবুল আলা মো. মাহবুবুর রহমান ভুট্টু।

বিএনপি সমর্থিত আইনজীবী ফোরামের নির্বাচিতরা হলেন, সহসভাপতি সিরাজুল ইসলাম, মো. আব্দুল হান্নান, সহসাধারণ সম্পাদক মশিহুর রহমান ফাতেমী, কোষাধ্যক্ষ নিয়ামুল হক চৌধুরী, পাঠাগার সম্পাদক এসএমজি মোস্তাকিম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সাদেকা তামান্না।

সমাজ কল্যাণ ও ধর্মীয় সম্পাদক পদে সাধারণ আইনজীবী ঐক্য পরিষদের তোজাম্মেল হক বকুল বিজয়ী হয়েছেন। সহসাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী তোজাম্মেল হক লিটন বিজয়ী হয়েছেন।

এ ছাড়া নির্বাহী কমিটির বিজয়ী পাঁচ সদস্য হলেন, বিএনপি সমর্থিত আইনজীবী ফোরামের জোবায়ের আল মাহমুদ তুহিন, এনামুল হক, সাধারণ আইনজীবী ঐক্য প্যানেলের মোহাম্মদ ওবায়দুল্লাহ, শারমিন আক্তার সাথী এবং স্বতন্ত্র প্রার্থী সাদেকুর রহমান বিপ্লব।