logo

বসতভিটা নিয়ে বিরোধ, ভাইয়ের হাতে ভাই খুন

বসতভিটা নিয়ে বিরোধ, ভাইয়ের হাতে ভাই খুন

জামালপুরের মেলান্দহে বসতভিটা নিয়ে বিরোধের জেরে সৎ ছোট ভাইয়ের রডের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন।

শনিবার (৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নয়ানগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাসুদ (৩০) উপজেলার নয়ানগর এলাকার মৃত আমিনুর রহমানের ছেলে এবং অভিযুক্ত মো. হাসিব (২৭) নিহতের সৎ ছোট ভাই। 

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন পারিবারিক বিরোধের জেরে শনিবার সন্ধ্যায় দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হাসিব লোহার রড দিয়ে মাসুদের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। এতে তার মাথার খুলি ফেটে যায়। পরে পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় মাসুদকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে।

জামালপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. আরিফুর ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, জামালপুর জেনারেল হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে মেলান্দহ থানার ওসি মো. ওবায়দুর হক এশিয়া পোস্টকে বলেন, দুই ভাইয়ের মধ্যে বসতবাড়ি নিয়ে দীর্ঘদিন থেকে একটি বিরোধ চলছিল। আজ রাতে হঠাৎ এ ঘটনা ঘটে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।