Advertisement

ফরিদপুরে মন্দিরের তালা ভেঙে পিতলের মূর্তি চুরি

এশিয়া পোস্ট নিউজ, ফরিদপুর
ফরিদপুরে মন্দিরের তালা ভেঙে পিতলের মূর্তি চুরি
ছবি : এশিয়া পোস্ট

ফরিদপুরের নগরকান্দা বাজারের কেন্দ্রীয় কালী মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। মন্দিরের তালা ভেঙে আনুমানিক ২২ কেজি ওজনের দুটি পিতলের মূর্তি চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

Advertisement

সোমবার (১৭ আগস্ট) সকালে পূজা দিতে গিয়ে মূর্তি চুরির বিষয়টি প্রথম প্রত্যক্ষ করেন মন্দিরের সেবায়েত রমা চক্রবর্তী (৩০)। পরে মন্দির পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা করে তিনি নগরকান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত রোববার রাত সাড়ে ৯টার দিকে মন্দিরের দরজায় তালা লাগিয়ে নিজ বাড়িতে চলে যান সেবায়েত রমা চক্রবর্তী। রাত সাড়ে ১২টার দিকে তিনি পুনরায় মন্দিরটি একবার পরিদর্শন করে আবার বাড়ি ফিরে যান। এরপর সোমবার ভোর ৬টার দিকে নিত্যপূজা দিতে এসে তিনি মন্দিরের তালা ভাঙা অবস্থায় দেখতে পান। ভেতরে প্রবেশ করে দেখা যায়, সেখানে রাখা দুটি পিতলের মূর্তি উধাও।

বাংলাদেশ পূজা উদ্‌যাপন ফ্রন্টের নগরকান্দা উপজেলা সভাপতি শ্রী রণদা প্রসাদ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সেবায়েতের দেওয়া তথ্য অনুযায়ী রাত সাড়ে ১২টা থেকে ভোর ৬টার মধ্যবর্তী কোনো একসময়ে দুর্বৃত্তরা মন্দিরের তালা ভেঙে মূর্তি দুটি নিয়ে গেছে।

এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ জানান, চুরি হওয়া মূর্তি উদ্ধার ও অপরাধীদের গ্রেপ্তারে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে। ঘটনাটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে জড়িতদের শনাক্ত করার পাশাপাশি তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।