logo

চুয়াডাঙ্গায় কালবৈশাখীর তাণ্ডব, তিনতলা থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

চুয়াডাঙ্গায় কালবৈশাখীর তাণ্ডব, তিনতলা থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

চুয়াডাঙ্গায় কালবৈশাখীর সময় তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। একই সঙ্গে ঝড়ের তাণ্ডবে জেলার বিভিন্ন এলাকায় আমসহ উঠতি ফসল ও গাছপালার ক্ষতি হয়েছে। 

মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ৮টা থেকে ঘণ্টাব্যাপী জেলায় ঝড়ো হাওয়া ও বৃষ্টি হয়। এতে সড়কে গাছ পড়ে কিছু সময়ের জন্য যান চলাচলও বন্ধ হয়ে যায়।

নিহত মকলেছুর রহমান (৬০) চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের দৌলতদিয়াড় গ্রামের সরদারপাড়ার বাসিন্দা। তিনি মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে।

স্থানীয় সূত্র ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, সন্ধ্যার পর ঝড়-বৃষ্টি শুরু হলে বাড়ির তিনতলার ছাদ থেকে টিন সরাচ্ছিলেন মকলেছুর রহমান। এ সময় হঠাৎ প্রবল বাতাসে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে ঝড়ের কারণে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের ডিঙ্গেদহ ও বিজিবি ক্যাম্প এলাকায় সড়কের পাশে থাকা কয়েকটি গাছ ভেঙে পড়ে। এতে কিছুসময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় গাছ সরিয়ে সড়ক স্বাভাবিক করেন। জেলার বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে পড়া এবং ফসলের ক্ষতির খবর পাওয়া গেছে। তবে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ছাদ থেকে পড়ে এক বৃদ্ধের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাটি খতিয়ে দেখতে পুলিশ ঘটনাস্থলে গেছে।