logo
Advertisement

নোয়াখালীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬

নোয়াখালীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬
গ্রেপ্তাররা। ছবি : এশিয়া পোস্ট

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তালা কাটার যন্ত্র (বোল্ট কাটার) ও কয়েকটি গামছা উদ্ধার করার পাশাপাশি তাদের ব্যবহৃত একটি প্রোবক্স গাড়ি জব্দ করা হয়।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে আসামিদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। এর আগে উপজেলার চরএলাহী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরকলমী বাজার চৌরাস্তা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—চট্টগ্রামের সীতাকুণ্ড থানার সোলাইমানপুর/সোনাইছড়ি এলাকার রফিকুল ইসলাম (৫৭), কুমিল্লার কোতোয়ালি থানার রাজগঞ্জ এলাকার মইনুল ইসলাম (২৮), সীতাকুণ্ডের জাহানাবাদ এলাকার মিজানুর রহমান (২৫), কোম্পানীগঞ্জের চরএলাহী ইউনিয়নের চরকলমী এলাকার নুর নবী (৩৯), একই এলাকার নুর মোহাম্মদ (৩২) এবং গাড়িচালক সীতাকুণ্ডের সোনাইছড়ি এলাকার আজিজুল মোস্তফা (৩৫)।

পুলিশ জানায়, চরকলমী বাজার চৌরাস্তা এলাকায় রাত্রিকালীন টহলে ছিল পুলিশ। এসআই সুমন চন্দ্র দাসের সন্দেহ হলে একটি সিলভার রঙের প্রোবক্স গাড়িতে তল্লাশি চালানো হয়। গাড়িটিতে চালকসহ ছয়জন ছিলেন। তল্লাশিকালে তাদের কাছ থেকে তালা কাটার যন্ত্র ও গামছা উদ্ধার করা হলে তাদের আটক করা হয়। পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রফিকুল ইসলাম, নুর মোহাম্মদ ও আজিজুল মোস্তফার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম জানান, এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় ডাকাতির প্রস্তুতির মামলা করা হয়েছে। জব্দ করা গাড়িটি থানা হেফাজতে রয়েছে এবং আসামিদের আদালতে সোপর্দ করা হচ্ছে।