মুন্সীগঞ্জে তিন প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা

মুন্সীগঞ্জের লৌহজংয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত উপজেলার চন্দ্রের বাড়ি বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ‘মায়ের দোয়া স্টোর’-এ পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা এবং জর্দার রঙের নামে নন-ফুডগ্রেড ইন্ডাস্ট্রিয়াল রঙ বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ মহসিনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে দোকানের দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়।
এ ছাড়া ‘আরিফ স্টোর’-এ পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ মুন্নাকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে ‘বেপারী মেডিকেল হল’-এ বিক্রির উদ্দেশ্যে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও প্রদর্শনের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটির ম্যানেজার মোহাম্মদ সোহেল রানাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও প্রদর্শন না করার নির্দেশনা দেওয়া হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ এ অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নাজমুল হোসেন এবং পদ্মা সেতু উত্তর থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

