logo

রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু 

রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু 

রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে দুজন ও বেসরকারি রয়েল হাসপাতালে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর ১২টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে এই পর্যন্ত রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে মোট ৪৯ জন শিশু মারা গেছে।

তিনি জানান, রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ২৪ ঘণ্টায় হাম রোগের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়াও ২৪ ঘণ্টায় ১৮ জন ভর্তি হয়েছে। এ নিয়ে হাসপাতালে হাম উপসর্গ নিয়ে মোট শিশু ভর্তি রয়েছে ১২৩ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন নতুন ৩২ জন।

মারা যাওয়া তিন ‍শিশুর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দুজন এবং অপরজন বেসরকারি রয়েল হাসপাতালে। 

এদিকে হাসপাতাল সূত্র জানায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় এই হাসপাতালের শিশুদের নমুনা পরীক্ষা করা হচ্ছে। হামের উপসর্গ হিসেবে শিশুদের শরীরে র‌্যাশ, জ্বর, শ্বাসকষ্ট ও চোখের ইনফেকশন দেখা যাচ্ছে। যাদের শ্বাসকষ্ট বেশি, তাদের আইসিইউ প্রয়োজন হচ্ছে। 

অন্যদিকে, স্বাস্থ্য বিভাগ ২৬টি এলাকা প্রাদুর্ভাব এলাকা হিসেবে চিহ্নিত করেছে। সর্বোচ্চ সংক্রমণ দেখা গেছে পাবনায় ১০টি এলাকা, রাজশাহীতে ৬টি এলাকা (যার পাঁচটি মহানগরের ভেতরে), নওগাঁয় পাঁচটি, চাঁপাইনবাবগঞ্জে তিনটি, নাটোর ও সিরাজগঞ্জে একটি করে এলাকা। স্বাস্থ্য বিভাগ আশঙ্কা করছে, পর্যাপ্ত পদক্ষেপ না নিলে আক্রান্ত এলাকা আরও বৃদ্ধি পেতে পারে।

 এ বিষয়ে রামেক হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক শাহিদা ইয়াসমিন বলেন, ডব্লিউএইচও ইতোমধ্যে ১০টি নমুনায় হাম নিশ্চিত করেছে, বাকি নমুনাগুলোতেও একই লক্ষণ পাওয়া যাচ্ছে।