logo
Advertisement

স্বামী-স্ত্রীর ঝগড়া, ছুরিকাঘাতে ছেলের মৃত্যু

স্বামী-স্ত্রীর ঝগড়া, ছুরিকাঘাতে ছেলের মৃত্যু
মানচিত্রে টাঙ্গাইল। স্বত্ত্ব: এশিয়া পোস্ট গ্রাফিক্স

টাঙ্গাইলে সখীপুর উপজেলায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার জেরে ছুরিকাঘাতে মো. আশরাফুল নামে তাদের তিন বছর বয়সি ছেলে মারা গেছে। এ ঘটনায় দম্পতির বড় মেয়ে নয় বছর বয়সি সিডরাতুন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, বুধবার রাত ১২টার দিকে উপজেলার বড়চওনা ইউনিয়নের খালিয়াড়বাইদ এলাকায় ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার পর আহত সিডরাতুনকে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

প্রতিবেশী মো. ইমরান বলেন, পারিবারিক বিষয় নিয়ে শাহীন মিয়া ও আকলিমা আক্তারের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে বুধবার রাতে আকলিমা দুই সন্তানকে ছুরি দিয়ে আঘাত করেন। এতে তারা গুরুতর আহত হয়।

পরিবারের অন্য সদস্যরা তাদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক আশরাফুলকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সিডরাতুনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

সখীপুর থানার ওসি মো. মুরাদ হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনি প্রক্রিয়া শুরু করেছে। মামলা ও অন্যান্য আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।