Advertisement

চলন্ত ট্রেন থেকে এসির মোটর চুরি, আটক ২

এশিয়া পোস্ট নিউজ, কিশোরগঞ্জ
চলন্ত ট্রেন থেকে এসির মোটর চুরি, আটক ২
আটক দুই চোর। ছবি : এশিয়া পোস্ট

কিশোরগঞ্জের কুলিয়ারচরে চলন্ত ‘বিজয় এক্সপ্রেস’ ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বগি থেকে মোটর খুলে পালিয়ে যাওয়ার সময় দুই চোরাকারবারিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে কুলিয়ারচর এলাকায় ঘটনাটি ঘটে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় ট্রেনের স্টাফ ও নিরাপত্তাকর্মীরা তাদের আটক করেন। এ সময় চুরি যাওয়া এসির মোটর এবং চুরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

আটকরা হলেন—ভৈরব নিউটাউন এলাকার মৃত মানিক মিয়ার ছেলে মো. দুলাল মিয়া (২৫) এবং একই এলাকার মো. বাবু মিয়ার ছেলে মো. আরিফ (১৬)।

রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম থেকে ময়মনসিংহ হয়ে জামালপুরগামী আন্তঃনগর ‘বিজয় এক্সপ্রেস’ ট্রেনটি ভৈরব স্টেশন অতিক্রম করে কুলিয়ারচরের দিকে যাচ্ছিল। এ সময় সংঘবদ্ধ চক্রটি চলন্ত ট্রেনের একটি এসি বগির মোটর খুলে ফেলে। পরে চুরিকৃত মোটর নিয়ে তারা চলন্ত ট্রেন থেকেই নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

বিষয়টি বেশ কয়েকজন যাত্রীর নজরে এলে তারা সঙ্গে সঙ্গে ট্রেনের স্টাফদের অবহিত করেন। পরে জরুরি ভিত্তিতে কুলিয়ারচর স্টেশনে পৌঁছানোর আগেই উপজেলার খরকমারা এলাকায় ট্রেনটি থামানো হয়। সেখানে স্থানীয় লোকজনের সহায়তায় ধাওয়া দিয়ে চুরি হওয়া মোটরসহ দুই চোরকে আটক করা হয়।

রেলওয়ে সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা মূলত ভৈরব রেলওয়ে স্টেশন থেকেই চুরি করার উদ্দেশ্যে প্রয়োজনীয় যন্ত্রপাতি সঙ্গে নিয়ে ট্রেনে উঠেছিলেন। আটকের পর উত্তেজিত জনতা তাদের গণধোলাই দেওয়ার চেষ্টা করলে ট্রেনের নিরাপত্তাকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং তাদের নিজেদের হেফাজতে নেন।

পরবর্তীতে উদ্ধারকৃত এসির মোটরসহ আটক দুজনকে ওই ট্রেনেই কিশোরগঞ্জ রেলওয়ে (জিআরপি) থানায় নিয়ে যাওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, চলন্ত ট্রেন থেকে এসির যন্ত্রাংশ চুরির ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। প্রথমে ট্রেনের যাত্রীরা বিষয়টি টের পেয়ে স্টাফদের জানান। পরে চুরির সরঞ্জাম ও মোটসহ তাদের ধরা হয়। তাদের বিরুদ্ধে রেলওয়ে আইনে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।