Advertisement

যৌতুকের টাকা কম হওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ, নোয়াখালী
যৌতুকের টাকা কম হওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার
ছবি : এশিয়া পোস্ট গ্রাফিক্স

নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিকৃত টাকা কম পাওয়ায় স্ত্রী সুমি আক্তারকে (২১) পিটিয়ে হত্যার অভিযোগে তার স্বামী মো. ইসমাইল হোসেনকে (২৫) গ্রেপ্তার করেছে র‍্যাব।

Advertisement

রোববার (১৬ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু।

গ্রেপ্তার ইসমাইল হোসেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দিলিলপুর গ্রামের মাইজা ব্যাপারী বাড়ির এনামুল হক বাবুলের ছেলে।

র‍্যাবের ভাষ্য, ঈদুল আজহা উপলক্ষে স্ত্রী সুমি আক্তারের কাছে একটি ছাগল ও একটি স্টিলের আলমারি অথবা ৫০ হাজার টাকা যৌতুক দাবি করেন ইসমাইল। সুমির বাবা কিছু টাকা দিলেও দাবিকৃত পরিমাণের চেয়ে কম হওয়ায় গত বছরের ৬ জুন রাতে ইসমাইল তার স্ত্রীকে এলোপাতাড়ি মারধর করেন। পরে গুরুতর আহত অবস্থায় সুমিকে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় সুমির পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে আদালতের নির্দেশে বেগমগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়। মামলায় ইসমাইল হোসেনকে প্রধান আসামি করা হয়। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।

র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু বলেন, গ্রেপ্তার ইসমাইল হোসেনকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য চট্টগ্রামের আকবরশাহ থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয় :