সিলেট সীমান্তের কাছে ফের ভূমিকম্প অনুভূত

সিলেটে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী অঞ্চলের কাছাকাছি এলাকায় আবার ভূমিকম্প অনুভূত হয়েছে।
রোববার (১২ এপ্রিল) সকাল ৯টা ৫১ মিনিট ৫৮ সেকেন্ডে এই কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র।
ইউরোপীয় মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, রোববার (১২ এপ্রিল) সকাল ৯টা ২১ মিনিটে এ কম্পন অনুভূত হয়। উৎপত্তিস্থল থেকে এর গভীরতা ছিল ৫ কিলোমিটার।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভারতের আসাম রাজ্যের শিলচর এলাকা। ভূমিকম্প উৎপত্তিস্থলে মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৩। এর দূরত্ব বাংলাদেশ ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র ঢাকা থেকে ২৬০ কিলোমিটার উত্তর-পূর্বে এবং সিলেট সীমান্তের কাছাকাছি। এর প্রভাবে বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলসহ সিলেট এলাকায় কম্পন অনুভূত হয়।
পাঁচ দিন আগে মঙ্গলবার (৭ এপ্রিল) একই স্থানে ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের উৎপত্তি হয়েছিল। যেটির উৎপত্তিস্থল ছিল অক্ষাংশ ২৪ দশমিক ৮১ ডিগ্রি উত্তর ও দ্রাঘিমাংশ ৯২ দশমিক ৬২ ডিগ্রি পূর্বে; যা ছিল ভারতের আসামের এলাকা।