গরুর শিংয়ের আঘাতে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

চট্টগ্রামের লোহাগাড়ায় বাজারে বিক্রির জন্য আনা গরুর শিংয়ের আঘাতে শারাবন তাহুরা নিজুম (১৫) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
বুধবার (১১ মার্চ) দুপুর ১২টার দিকে পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে।
নিহত নিজুম লোহাগাড়ার আমিরাবাদ মল্লিক ছোবহান নজর আলী সিকদার পাড়া (তেওয়ারীখিল) এলাকার মাহফুজুর রহমান ও রোকেয়া বেগমের মেয়ে। সে পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে কোচিং ক্লাসের পরীক্ষায় অংশ নিতে নিজুম বিদ্যালয়ে যাচ্ছিল। বিদ্যালয়ের মূল ফটকের সামনে পৌঁছলে হাটে বিক্রির জন্য আনা একটি গরু হঠাৎ তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। উপস্থিত স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের মা রোকেয়া বেগম বলেন, আমার মেয়েটা পরীক্ষা দিতে গিয়েছিল। কিন্তু আমাদের কিছু বুঝে ওঠার আগেই সব শেষ হয়ে গেল।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কিশোয়ার সাদিয়া জানান, শিক্ষার্থীকে হাসপাতালে আনার পরপরই তার মৃত্যু হয়। আঘাত অত্যন্ত গুরুতর ছিল।
লোহাগাড়া থানার উপপরিদর্শক (এসআই) এনায়েত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।