Advertisement

উপকূলের প্রতিটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে: প্রতিমন্ত্রী ফরিদুল

এশিয়া পোস্ট নিউজ, বাগেরহাট

উপকূলের প্রতিটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে: প্রতিমন্ত্রী ফরিদুল
বৃষ্টির পানি সংরক্ষণের জন্য পানির ট্যাংক বিতরণ করেন প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। ছবি : এশিয়া পোস্ট

উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির সংকট নিরসনে পর্যায়ক্রমে প্রতিটি পরিবারের কাছে বৃষ্টির পানি সংরক্ষণের ট্যাংক পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।

শুক্রবার (২৪ জুলাই) বেলা ১১টায় বাগেরহাটের রামপাল উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর চত্বরে জলবায়ু ট্রাস্ট ফান্ডের অর্থায়নে বাস্তবায়িত ‘রেইন ওয়াটার হার্ভেস্টিং’ প্রকল্পের আওতায় দরিদ্র পরিবারের মধ্যে পানির ট্যাংক বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, উপকূলীয় রামপাল ও মোংলা উপজেলায় সুপেয় পানির তীব্র সংকট রয়েছে। এ সংকট মোকাবিলায় প্রাথমিকভাবে তিন হাজার পানির ট্যাংক বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে শুক্রবার ৮২টি ট্যাংক বিতরণ করা হয়েছে।

তিনি বলেন, এ অঞ্চলের অধিকাংশ নলকূপের পানিতে লবণাক্ততা থাকায় বৃষ্টির পানি সংরক্ষণই সুপেয় পানির অন্যতম কার্যকর সমাধান। তাই জলবায়ু ট্রাস্ট ফান্ডের আওতায় পর্যায়ক্রমে উপকূলের প্রতিটি পরিবারের কাছে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, উপকূলীয় এলাকায় সুপেয় পানির স্থায়ী ব্যবস্থা নিশ্চিত করতে সরকারি পুকুর সংস্কার করে সেগুলোকে মিঠা পানির আধারে রূপান্তর করা হবে। এসব পুকুরে মাছ চাষ নিষিদ্ধ রাখা হবে, যাতে সেগুলো কেবল সুপেয় পানির উৎস হিসেবে ব্যবহার করা যায়।

অনুষ্ঠানে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস তামান্না ফেরদৌসী, বাগেরহাট জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত মল্লিক, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী ইমরান হোসেন, রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজীব আল রশিদ, উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিন, সাবেক সদস্যসচিব কাজী জাহিদুল ইসলাম জাহিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিষয় :বাগেরহাট