logo

পাঁচ মিনিটের ঝড়ে লন্ডভন্ড গ্রাম, গাছ চাপা পড়ে বৃদ্ধের মৃত্যু

পাঁচ মিনিটের ঝড়ে লন্ডভন্ড গ্রাম, গাছ চাপা পড়ে বৃদ্ধের মৃত্যু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাত্র পাঁচ মিনিটের ঘূর্ণিঝড়ে পুরো একটি গ্রাম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বুধবার (১৮ মার্চ) রাতে উপজেলার উদয়পুর গ্রামে বয়ে যাওয়া এই ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে আকমান নামে এক বৃদ্ধ অটোচালকের মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে হঠাৎ করেই কালবৈশাখী শুরু হয়। মাত্র পাঁচ মিনিট স্থায়ী এই ঝড়ে গ্রামের ওপর দিয়ে টর্নেডোর মতো তীব্র বাতাস বয়ে যায়। ঝড়ের প্রচণ্ডতায় গ্রামের কয়েকশ গাছ উপড়ে পড়ে এবং অসংখ্য কাঁচা ও আধাপাকা ঘরবাড়ি ও বিদ্যুতের খুঁটি বিধ্বস্ত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় আকমান (৬২) নিজের ঘরেই অবস্থান করছিলেন। ঝড়ের তীব্রতায় একটি বিশাল গাছ শিকড়সহ উপড়ে তার ঘরের ওপর পড়লে মুহূর্তেই ঘরটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গ্রামের অধিকাংশ টিনের চাল উড়ে গেছে। অনেক বাড়ি মাটির সঙ্গে মিশে গেছে। গাছ ও ডালপালা পড়ে বিদ্যুতের খুঁটি ভেঙে যাওয়ায় পুরো এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে। এ ছাড়া আম ও লিচুর মুকুলসহ মৌসুমি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

এ ঘটনায় রাতে আলমডাঙ্গা ফায়ার সার্ভিস ও পুলিশ প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে।