বাগ্বিতণ্ডার মধ্যেই শাবল দিয়ে বাবাকে আঘাত করল ছেলে

মাদারীপুরের শিবচরে পারিবারিক কলহের জেরে ছেলের দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন আরব আলী (৫৫) নামে এক ব্যক্তি। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
সোমবার (৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার দত্তপাড়া ইউনিয়নের মাঝিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। আহত আরব আলী ওই গ্রামের নুরুদ্দিন মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে আরব আলী ও তার ছেলের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তপ্ত বাগ্বিতণ্ডার মধ্যে ছেলে একটি শাবল হাতে নিয়ে বাবার ওপর হামলা চালান বলে অভিযোগ ওঠে। শাবলের আঘাতে আরব আলী গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান।
পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসা দেওয়ার পর তার অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার সালাউদ্দিন কাদের বলেন, বিষয়টি সম্পর্কে আমরা জানতে পারিনি। তবে এখন খোঁজখবর নেওয়া হচ্ছে।